স্বাস্থ্য পরিষেবায় নতুন পালক, মহারাজগঞ্জ বাজারে আয়ুর্বেদিক ও দুর্গানগরে হোমিওপ্যাথি চিকিৎসাকেন্দ্রের পুনরায় শুভ উদ্বোধন

গোপাল সিং, খোয়াই, ১০ অক্টোবর || খোয়াই মহকুমায় আয়ুষ ও বিকল্প স্বাস্থ্য পরিষেবার পরিধি বাড়াতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ গৃহীত হলো। শুক্রবার খোয়াইয়ে দুটি গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাকেন্দ্রের পুনরায় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিশেষ এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে খোয়াই শহরের দুটি পৃথক ডিসপেনসারির পুনরায় দ্বারোদ্ঘাটন করা হয় — মহারাজগঞ্জ বাজার সরকারি আয়ুর্বেদিক ডিসপেনসারি এবং দুর্গানগর কালীবাড়ি সংলগ্ন সরকারি হোমিওপ্যাথি ডিসপেনসারি।
স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই পুনরুদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোয়াই পুর পরিষদের সুযোগ্য চেয়ারম্যান দেবাশীষ নাথশর্ম্মা, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ পদ্মরাম জমাতিয়া, বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব অনুকূল দাস এবং সুব্রত মজুমদার সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীবৃন্দ ও স্থানীয় নাগরিকেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ জানান, মহারাজগঞ্জ বাজার ও দুর্গানগর এলাকার প্রান্তিক ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সাশ্রয়ী ও গুণগত আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করছিলেন। কেন্দ্র দুটি পুনরায় সক্রিয় হওয়ার ফলে এলাকার বৃদ্ধ, মহিলা ও স্থানীয় বাসিন্দারা এখন থেকে সহজেই বিনামূল্যে এই বিকল্প চিকিৎসা ও সরকারি ওষুধ গ্রহণ করতে পারবেন। খোয়াই পুর এলাকায় সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর এই আধুনিকীকরণ ও পুনরুজ্জীবনে স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*