আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী || ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে গত ২১শে জানুয়ারী যুব বিকাশ কেন্দ্র এবং নিফা ত্রিপুরা শাখার উদ্যোগে সদ্ভাবনা যাত্রা-২০২১ নামক অনুষ্ঠানের সূচনা হয়েছিল। রাজ্যের ১২ জন যুবক, যুব গান্ধীবাদী দেবাশিষ মজুমদারের নেতৃত্বে ভারতবর্ষের জনগণকে রাজ্যের কৃষ্টি সংস্কৃতি, পর্যটন এবং পূর্ণ রাজ্য দিবসের ৫০তম বছর পূর্তি অনুষ্ঠানের নিমন্ত্রণ দিতে বেরিয়েছিলেন। ইতিমধ্যেই গত ২১ দিন যাবত ভারতবর্ষের ১২টি রাজ্য পরিক্রমা করে যাত্রা টিম ১০ই ফেব্রুয়ারি মহারাষ্ট্রের মুম্বাই শহরে এসে পৌঁছায়। গত ২১ দিনে যাত্রা টিম ছত্রিশগড়ের মহামহিম রাজ্যপাল, তেলেঙ্গানার যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং পর্যটন দপ্তরের মন্ত্রী, গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন জেলার জেলা অধিকারী, যুব বিষয়ক ক্রীড়া দফতরের অধিকর্তা, পর্যটন দপ্তরের অধিকর্তার এবং বিভিন্ন যুব সংগঠন এবং ইয়ুথ ক্লাবের সঙ্গে নানা অনুষ্ঠানে মিলিত হয়।
মুম্বাই পৌঁছার পর গান্ধী ভবন মুম্বাইয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের যুব দলের তরফ থেকে ত্রিপুরার ঐতিহাসিক সাংস্কৃতিক এবং পর্যটনের বিভিন্ন দিক গুলোকে তুলে ধরা হয়।মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং রাজ্যের যুব দলের আগমনের খবর পেয়ে তৎক্ষণাৎ রাজভবনের সবাইকে নিমন্ত্রণ জানায়। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে রাজ্যপাল যুব দলের কাছে জানতে চায়। সাক্ষাৎ শেষে যাত্রা দলের মুখ্য প্রতিনিধি তথা যুব বিকাশ কেন্দ্র সভাপতি দেবাশিষ মজুমদার জানিয়েছেন, মহারাষ্ট্রের রাজ্যপাল বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং এই ধরনের অনুষ্ঠানের কথা জানতে পেরে অত্যন্ত আনন্দের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আগামী দিন ত্রিপুরার পূর্ণ রাজ্য দিবসের বৃহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যবাসীকে এবং যুবক যুবতীদের উৎসাহ দেবেন বলে রাজ্যপাল আশ্বাস দিয়েছেন। মুম্বাইয়ের অনুষ্ঠান শেষ করে যাত্রা দল এখন দমন কেন্দ্র শাসিত রাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানা যায়।
