আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || স্যন্দন পত্রিকার কাঞ্চনপুর মহকুমা করেসপনডেন্ট তথা কাঞ্চনপুর প্রেস ক্লাবের সম্পাদক সাংবাদিক বিকাশ দাস পেশাগত দায়িত্ব এবং খবর সংগ্রহ করতে তিনি লালজুরী ব্লকের অধীন শান্তিপুর ভিলেজ এলাকায় বেলা ১২টা নাগাদ উপস্থিত হয়েছিলেন। সেখানে পৌঁছানো মাত্র দুর্বৃত্তদের হাতে তিনি মাথায় এবং শরীরে মারাত্মকভাবে রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। অভিযোগ দুর্বৃত্তরা প্রাণনাশের উদ্দেশ্যে বিকাশ দাসকে আক্রমণ করে।
বিকাশ দাস আক্রান্ত হওয়ার পর প্রথমে তাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় ৮টি শেলাই নিয়ে উন্নত চিকিৎসার জন্য উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার খবর পেয়ে সিপিআই(এম) উত্তর ত্রিপুর জেলা সম্পাদক অমিতাভ দত্ত এবং জেলা কমিটির সদস্য আশীষ নাথ কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ছুটে যান। আক্রান্ত বিকাশ দাসের দ্রুত আরোগ্য কামনা করেন। পরিবার-পরিজনদের সাথে খোলামেলা আলোচনা ও সমবেদনা প্রকাশ করেন। হাসপাতালে উপস্থিত সাংবাদিক বন্ধুদের সাথেও বর্তমান অস্থির পরিস্থিতি সম্পর্কে কথাবার্তা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমিতাভ দত্ত সিপিআই (এম) উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার, সাংবাদিকদের নিরাপত্তা এবং বিকাশ দাসের উন্নতমানের চিকিৎসার সমস্ত দায়িত্ব রাজ্য সরকারকে বহন করার জন্য দাবী জানান।
ইতিমধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে কাঞ্চনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিন ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অব মিডিয়া কমিউনিটি (FDPMC) এই ঘটনার তীব্র নিন্দা জানায়। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অব মিডিয়া কমিউনিটি।
পাশাপাশি এদিন রাজ্যের গণমাধ্যমের বৃহত্তম ঐক্যমঞ্চ অ্যাসেম্বলি অব জার্নালিস্টস পরিকল্পিত এই ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানায়। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার না করলে রাজ্যব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানায় অ্যাসেম্বলি অব জার্নালিস্টস।
