খোয়াই শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি, দোকানের শাটার ভেঙে নগদ টাকা সাফ, ফের নিশিকুটুম্বদের আগমেন আতঙ্কে ব্যবসায়ীরা

গোপাল সিং, খোয়াই, ১৬ আগস্ট || খোয়াইতে আবারও চুরির ঘটনা ঘটল। এবার শহরের প্রাণকেন্দ্র অফিস রোডে কো-অপারেটিভ ব্যাংক সংলগ্ন এলাকায় একটি দোকানে রাতের আঁধারে থাবা বসালো নিশিকুটুম্বরা। এই দুঃসাহসিক চুরির ঘটনায় সমগ্র খোয়াই শহরের নাগরিকদের পাশাপাশি ব্যবসায়ী মহলে ফের একবার তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী লিটন ঘোষ প্রতিদিনের মতো গত রাতেও তাঁর দোকান সঠিকভাবে বন্ধ করে বাড়ি যান। রবিবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের সামনের শাটার ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকে তিনি হতবাক হয়ে পড়েন; দেখেন ক্যাশ বাক্সের তালা ভেঙে ভেতরে রাখা নগদ ২২০০ টাকাসহ দোকানের বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে। পরবর্তীতে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ এসে তদন্ত শুরু করে।
এই চুরির ঘটনায় এক হৃদয়বিদারক চিত্রও সামনে এসেছে। ভুক্তভোগী ব্যবসায়ী লিটন ঘোষের স্ত্রী একজন ১০৩২৩-এর চাকরিচ্যুত শিক্ষিকা। স্ত্রীর চাকরি হারানোর পর চরম আর্থিক সংকটের মুখে পড়েছিল তাঁদের পরিবার। সংসারের একমাত্র সম্বল ছিল এই ছোট্ট দোকানটি। দোকান থেকে হওয়া সামান্য আয় দিয়েই কোনোমতে চলত তাঁদের সংসার, সন্তান-সন্ততিদের পড়াশোনা এবং পরিবারের ভরণপোষণ। সেই একমাত্র উপার্জনের সম্বলেই চোরের দল থাবা বসানোয় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। খোয়াই শহরের একদম প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটে যাওয়ায় নতুন করে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, নিরাপত্তা আরও জোরদার করা উচিত।ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা অবিলম্বে নৈশ টহল জোরদার করা এবং চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*