গোপাল সিং, খোয়াই, ১৬ আগস্ট || খোয়াই বিদ্যুৎ দপ্তরের রবিবাসরীয় উৎপাত যেন থামতেই চাইছে না। গত রবিবার একটানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হয়েছিল খোয়াইবাসীকে। এক সপ্তাহ কাটতে না কাটতেই সপ্তাহান্তে ফের সেই একই দুর্ভোগের চিত্র সামনে এলো। আজ রবিবার সন্ধ্যা ৫টা নাগাদ সামান্য দমকা হাওয়ার সাথে হালকা বৃষ্টি নামতেই শহর ও সংলগ্ন এলাকা জুড়ে বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি গায়েব হয়ে যায়। সংবাদ লেখা পর্যন্ত গোটা খোয়াইয়ের মহারাজগঞ্জ বাজার, উত্তর দূর্গানগরসহ বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। বারবার কেন রবিবারে সামান্য আবহাওয়ার তারতম্যেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ জনগণ বাধ্য হয়ে খোয়াই বিদ্যুৎ দপ্তরের সামনে জড়ো হয়ে দপ্তরের চরম ব্যর্থতার বিরুদ্ধে সরব হন এবং ক্ষোভ ব্যক্ত করেন।
অন্যদিকে, খোয়াই লালছড়া ঘোষপাড়া ৯ নং ওয়ার্ড এলাকায় দীর্ঘ দিন ধরে চলমান বিদ্যুৎ সমস্যা নিয়েও অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা তুঙ্গে উঠায় বাধ্য হয়ে আজ বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে অভিযোগ জানাতে ছুটে যান এলাকার সাধারণ মানুষজন। কিন্তু সেখানে গিয়ে তাঁদের অভিজ্ঞতা হয় আরও হতাশাজনক ও অপমানজনক। অভিযোগকারীদের দাবি, অফিস খোলা থাকলেও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীকে নেই। একদিকে যখন গোটা এলাকা অন্ধকারে নিমজ্জিত, তখন অফিসে ল্যান্ডলাইন ফোনের ঘণ্টা একের পর এক বেজে চললেও, সেই ফোন তোলার লোক নেই। বিদ্যুৎ দপ্তরের এই দায়িত্বজ্ঞানহীন ও কঙ্কালসার পরিষেবা ব্যবস্থা নিয়ে খোয়াইবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষুব্ধ প্রশ্ন, বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হয়ে মানুষ যখন দপ্তরে এসেও নূন্যতম পরিষেবা বা সাড়া পাচ্ছেন না, তখন সাধারণ মানুষ যাবে কোথায়? অবিলম্বে এই বিদ্যুৎবিভ্রাট দূর করার পাশাপাশি সুস্থ বিদ্যুত পরিষেবা প্রদান করার দাবি জানিয়েছেন জনসাধারণ।
