বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুলাই || রেগার টাকা না পেয়ে পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখালো এলাকবাসী। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত তরুমা এডিসি ভিলেজের লক্ষীছড়া ভিলেজ কার্যালয়ের অধীনে থাকা লোকজন দীর্ঘ অনেকদিন যাবৎ রেগার মজুরী পাচ্ছেন না বলে অভিযোগ। যে সকল লোকজন তিপ্রা মথা দলের সদস্য তাদেরকে বাছাই করে রেগার মজুরি প্রদান করা হচ্ছে না বলেও অভিযোগ। অভিযোগের তীর শাসকদলের দিকে। এই নিয়ে ভিলেজ কার্যালয়ের জি আর এস’র নিকট জানতে চাইলে উনারা জানান, কাজ শেষে স্থানীয় নেতৃত্বরা যাদের নাম জমাদেন তাদের মজুরি প্রদান করা হয়। উনারা সর্বদা অন্যকাজে ব্যস্ত থাকেন, তাই রেগার কাজ চলাকালিন সবসময় কাজের জায়গা ঘুরে দেখা সম্ভব হয়ে উঠেনা। তাছাড়া উনারা জানান, এলাকার সকল লোকজনদের উনারা চিনেন না। তাই সবকিছু স্থানীয় নেতৃত্বদের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। সেক্রেটারী জানান, রেগার কাজ দেখার জন্য দুইজন জি আর এস রয়েছে। তিনি জানান, কাজ শুরুর পূর্বে দুই দলের প্রতিনিধিকে ভিলেজ কার্যালয়ে আসার জন্য বিশেষ আহব্বান জানানো হয়েছে। উনার উদ্দ্যেশ্য ছিলো কথাবার্তার মাধ্যমে সকলে যেন ভালোভাবে কাজ করতে পারে। কিন্তু উনার ডাকে বিজেপি’র লোকজনেরা সারা দেননি বলে অভিযোগ। এদিনের এই বিক্ষোভের মধ্যদিয়ে তিপ্রা মথা দলের সদস্যরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান। উনারা চাইছে উনাদের কাজের প্রাপ্য মজুরী প্রদান করা হোক। এখন দেখার বিষয় এই সমস্যার সমাধানে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।
