আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ নভেম্বর || আগামীকাল, ২ নভেম্বর আগরতলার মুক্তধারা হলে অনুষ্ঠিত হতে চলেছে ‘ডেইলি দেশের কথা বিশ্বকাপ’। এই উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি ও আকর্ষণীয় পুরস্কারের কথা তুলে ধরেন ডেইলি দেশের কথা-র সম্পাদক।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মানিক সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে একাধিক আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ইলেকট্রিক স্কুটি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি টেলিভিশন। এছাড়াও বিজয়ীদের জন্য রয়েছে আরও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।
সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, এই আয়োজনকে সফল করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল মুক্তধারা হলে এই অনুষ্ঠানকে ঘিরে অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা থাকবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
