পুরভোটে সম্মানজনক আসনের দাবি তিপ্রা মথার: বিজেপি’র সাথে ঐক্যবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত, স্টেট গেস্ট হাউসে বৈঠকের পর জানালেন রঞ্জিত দেববর্মা

গোপাল সিং, খোয়াই, ০১ নভেম্বর || আসন্ন পুরনিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে এনডিএ জোটের শরিক হিসেবে ক্ষমতাসীন বিজেপির সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে নামবে তিপ্রামথা পার্টি। রবিবার আগরতলাস্থ স্টেট গেস্ট হাউসে বিজেপি ও তিপ্রামথা শীর্ষ নেতৃত্বের মধ্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই যৌথ লড়াইয়ের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। বৈঠকে আগরতলা পুরনিগম সহ প্রতিটি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে তিপ্রামথার আসন দাবি এবং দলের পক্ষে ‘সম্মানজনক’ সংখ্যক আসন বণ্টনের দাবি সবিস্তারে তুলে ধরা হয়েছে। সোমবার বিজেপি নেতৃত্বের নিজস্ব দলীয় বৈঠকের পর উভয় দলের মধ্যে চূড়ান্ত আসন সমঝোতা ও আসন বন্টন নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে। বৈঠকে বিজেপি ও তিপ্রামথার শীর্ষ নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ উভয় রাজনৈতিক দলের উচ্চপদস্থ প্রতিনিধিরা। পুর ও নগর স্বায়ত্তশাসন নির্বাচনে বিজেপি এবং তিপ্রামথা পার্টির এই কৌশলগত ঐক্যবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত রাজ্যের নির্বাচনী রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*