আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর || জীবন যুদ্ধের দিনলিপিতে অসুরনাশিনী দেবী দূর্গার আগমন অজান্তেই নিয়ে আসে ক্ষনিকের আনন্দ পরশ। চিন্ময়ী মায়ের আশীর্বাদে সবদিকেই চিদানন্দের আনন্দ মুখর পরিবেশে তিথি নক্ষত্র মতে মহাসপ্তমীতে হয়েছে দশভূজার পূজার্চনা – ঢাকের শব্দে পুরোহিতের মন্ত্রোচ্চারনে।
উৎসব ক্রমশ এগিয়ে চলেছে মধ্যগণের দিকে। মঙ্গলবার নবপত্রিকা স্নান দিয়ে শুরু হল মহাসপ্তমী পুজোর উপাচার। ষষ্ঠীর দিনই কার্যত জনজোয়ারে ভেসেছে আগরতলা। সন্ধ্যা থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যায় প্রতিমা দর্শনের পালা। প্রতিবছরের মতো এবারও দর্শনার্থীরা সিডিউল মেনে বেরিয়ে পড়েছেন দূর্গা ঠাকুর দেখতে।
