আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগস্ট || ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে আগামী ১০ আগস্ট অনুষ্ঠিতব্য ‘জেল ভরো’ আন্দোলন সফল করার লক্ষ্যে যৌথভাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল বামপন্থী চারটি সংগঠন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, প্রাক্তন বিধায়ক পবিত্র কর এবং প্রাক্তন মন্ত্রী মানিক দে। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, গণতান্ত্রিক অধিকার হরণ, শ্রমিক-কৃষকসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার প্রতিবাদে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
তাঁরা অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে এবং বিভিন্ন গণতান্ত্রিক দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নেই। সেই কারণে আগামী ১০ আগস্টের ‘জেল ভরো’ কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা।
নেতৃবৃন্দ আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে গণমানুষের দাবি-দাওয়া সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে এবং শান্তিপূর্ণ গণআন্দোলনের মধ্য দিয়েই মানুষের স্বার্থ রক্ষার লড়াই অব্যাহত থাকবে।
