গোপাল সিং, খোয়াই, ০৮ আগস্ট || অস্বাভাবিক ও বর্ধিত বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা এবং অতিরিক্ত বিলের প্রতিবাদে শনিবার লংতরাইভ্যালির মনুঘাটে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। পরে বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়মিত বিদ্যুৎ পরিষেবা না থাকা সত্ত্বেও অনেক গ্রাহকের হাতে অস্বাভাবিক হারে বাড়তি বিল পৌঁছাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ আরও তীব্র হচ্ছে। বিদ্যুৎ পরিষেবার উন্নতি, বিলের সমস্যা নিরসন এবং গ্রাহকদের হয়রানি বন্ধের দাবিও ওঠে এদিনের বিক্ষোভ থেকে।
এদিকে বিদ্যুৎ পরিস্থিতি ও বর্ধিত বিল নিয়ে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। একই সঙ্গে কৃষি ও বিদ্যুৎ—দুই দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী রতনলাল নাথকে নিশানা করে তিনি কটাক্ষ করেন, ‘কৃষিমন্ত্রী ক্ষেতে নামছেন, বিদ্যুৎমন্ত্রী খুঁটিতে উঠছেন না কেন?’
মানিক সরকারের বক্তব্য, কৃষিমন্ত্রী হিসেবে রতনলাল নাথকে প্রায়ই কৃষকদের সঙ্গে মাঠে নেমে কাজ করতে দেখা গেলেও বিদ্যুৎমন্ত্রী হিসেবে গ্রামাঞ্চলের বিদ্যুৎ পরিকাঠামোর সমস্যা সমাধানে তাঁর দৃশ্যমান উদ্যোগ নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর অভিযোগ, প্রচারের জন্য মাঠে নামার ছবি দেখা গেলেও বিদ্যুতের খুঁটি, লাইন ও পরিকাঠামোগত সমস্যার সমাধানে প্রয়োজনীয় তৎপরতা চোখে পড়ছে না।
উল্লেখ্য, রতনলাল নাথ বর্তমানে রাজ্য সরকারের কৃষিমন্ত্রীর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের দায়িত্বেও রয়েছেন। ফলে রাজ্যজুড়ে বিদ্যুৎ বিল ও পরিষেবা নিয়ে ক্ষোভের মধ্যেই বিরোধীদের নিশানায় পড়েছেন তিনি।
মনুঘাটের এদিনের বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা দ্রুত বিদ্যুৎ পরিষেবার উন্নতি, অস্বাভাবিক বিলের পুনর্বিবেচনা এবং গ্রাহকদের সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। পরিস্থিতি ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাও তৈরি হয়।
