আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগস্ট || ত্রিপুরার গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, বাধারঘাট রেলস্টেশন এবং যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে Uber ও Jugnoo-এর মতো অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে শুক্রবার সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের শীর্ষ আধিকারিকরা, আইজি (আইন-শৃঙ্খলা), পশ্চিম জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার, ট্রাফিক পুলিশ সুপার, পরিবহন সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
বৈঠকে অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা চালুর ক্ষেত্রে যাত্রী নিরাপত্তা, ভাড়া নির্ধারণের স্বচ্ছতা, চালকদের নিবন্ধন, যানবাহনের পারমিট, প্রশাসনিক তদারকি এবং পরিষেবার কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি যাত্রীদের জন্য একটি নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিগত দিকগুলিও পর্যালোচনা করা হয়।
পরিবহনমন্ত্রী জানান, রাজ্যের মানুষ ও বাইরে থেকে আগত যাত্রীদের জন্য নিরাপদ, আধুনিক এবং প্রযুক্তিনির্ভর পরিবহন পরিষেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। বিমানবন্দর ও রেলস্টেশন থেকে অ্যাপের মাধ্যমে সহজেই ক্যাব বুকিং, নির্ধারিত ভাড়া, চালকের পরিচয় এবং যাত্রাপথের তথ্য জানা গেলে যাত্রীদের আস্থা যেমন বাড়বে, তেমনি পরিষেবায় স্বচ্ছতাও নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা ও গঠনমূলক মতামতের ভিত্তিতে এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে। জনস্বার্থে রাজ্যের পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
