কৃষকদের আধুনিকীকরণে বড় পদক্ষেপ, কল্যাণপুরে বিনামূল্যে ৩৮টি পাওয়ার উইডার বিতরণ

গোপাল সিং, খোয়াই, ০৮ আগস্ট || কৃষকদের কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং শ্রম লাঘবের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কৃষি দপ্তর। কল্যাণপুর কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে এলাকার ৩৮ জন কৃষকের হাতে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক ‘পাওয়ার উইডার’ যন্ত্র তুলে দেওয়া হয়।
কল্যাণপুর কৃষি দপ্তরের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিল এলাকার নির্বাচিত কৃষকদের হাতে আধুনিক কৃষি সরঞ্জামগুলি তুলে দেন স্থানীয় বিধায়ক পিণাকী দাস চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিণাকী দাস চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষিকাজকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করে তুলবে। পাওয়ার উইডারের মতো যন্ত্র ব্যবহারের ফলে কৃষকদের শারীরিক শ্রম কমার পাশাপাশি সময়ও সাশ্রয় হবে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর করে তোলার পথ সুগম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কৃষকদের শ্রম লাঘব এবং কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের আধুনিক কৃষি সরঞ্জাম বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকরা যাতে আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করে চাষাবাদে আরও এগিয়ে যেতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়।
বিধায়ক আরও বলেন, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কল্যাণপুরের কৃষকদের মধ্যে পাওয়ার উইডার বিতরণের এই উদ্যোগ আগামী দিনে কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*