সাগর দেব, তেলিয়ামুড়া, ২৪ অক্টোবর || গাঁজা পাচারের সাম্রাজ্য পরিণত হয়েছে তেলিয়ামুড়া এলাকা। প্রায় প্রতিনিয়ত কোথাও না কোথাও থেকে গাঁজা পাচারের আনাগুনা পরিলক্ষিত হচ্ছে। ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, রবিবার বিকেল নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া তৃষাবাড়ি রেল স্টেশন থেকে এক অভিনব কায়দায় বহিঃরাজ্য বিহারের উদ্দেশ্যে পাচার করার সময় ছোট-বড় মিলিয়ে ৩৩ প্যাকেট অর্থাৎ ৬৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। এ ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ বিশাল পুলিশবাহিনী। তৎসঙ্গে ৬ জন পুরুষ সহ ৩ জন মহিলাকে আটক করে পুলিশ। তাদের প্রত্যেকের বাড়ি বিহার বলে জানা গেছে। এই গাঁজার প্যাকেটগুলো তাদের ছোট ছোট ব্যাগের মধ্যে করে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে কোথা থেকে এই শুকনো গাঁজার প্যাকেটগুলো বহিঃরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো জানা যায়নি। তবে এ ব্যাপারে পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। অন্যদিকে আটককৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকার উপর হবে বলে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন।
