অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তেলিয়ামুড়া কর্মসূচীতে আমন্ত্রণ জানিয়ে মহাকুমা সাংবাদিকদের অপমানিত করার অভিযোগ, করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের আদ্যশ্রাদ্ধ তৃণমূলের সভায়

সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ জানুয়ারি || ওমিক্রন এবং করোনা ভাইরাসের সংক্রমণকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তেলিয়ামুড়া’তে কর্মী সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পৌর পরিষদের নির্বাচনের পর কর্মী-সমর্থকদের মনোবল বৃদ্ধি করতে তিনি রবিবারই রাজ্যে প্রবেশ করেন। রাজ্যে এসেই তিনি তেলিয়ামুড়ার জনৈক তৃণমূল নেতার বাড়িতে দলের কর্মীদের সাথে সাক্ষাৎ করেন। যদিও এই নেতার বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলন করবেন বলে আমন্ত্রণ জানিয়েছিলেন তেলিয়ামুড়া তৃণমূল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর স্থানীয় সাংবাদিকরা উনার সাথে কথা বলতে চাইলে তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। এক প্রকার তাদেরকে আমন্ত্রণ জানিয়ে অপমানিত করা হয় বলেও অভিযোগ। বাধ্য হয়ে স্থানীয় সাংবাদিকরা উনার সাংবাদিক সম্মেলন বয়কট করে চলে আসে।
যেখানে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের এবং ওমিক্রন সংক্রমণে দিশেহারা খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যে ৯টি জেলাকে কোয়ারেন্টাইন করতে বাধ্য হয়, সেখানে উনারই ভাতুষ্পুত্র দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে এক ঝাঁক নেতাকর্মীকে বগল দাবা করে তেলিয়ামুড়ায় নিয়ে আসেন এবং সেখানে করোনা ভাইরাস ও ওমিক্রন সংক্রমনের বিধি-নিষেধকে উপেক্ষা করেই স্থানীয় নেতার বাড়িতে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন। যাদের অধিকাংশের মুখেই নেই মাক্স নেই সামাজিক দূরত্ব। এক প্রকার সামাজিক দূরত্বের আদ্যশ্রাদ্ধ করা হয় এদিন তেলিয়ামুড়ায়। উল্লেখ্য, রবিবার তেলিয়ামুড়া ও বড়মুড়ায় সভা করার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হয়নি সভার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*