সাগর দেব, তেলিয়ামুড়া, ২৫ জানুয়ারি || গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও ৭৩’তম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়েও। এমনটাই দৃশ্য প্রত্যক্ষ করা গেল মঙ্গলবার বড়মুড়া সালকাকামীস্থিত ৫নং ট্যানেলের সামনে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিপুরা স্টেট রাইফেলসের ২নং ব্যাটালিয়নের জওয়ানরা জোরদার তল্লাশি অভিযান শুরু করে। রেল রাস্তার আশপাশ এলাকা সহ ট্যানেলের ভেতরে কোনো অপ্রীতিকর জিনিস আছে কিনা সেগুলো তল্লাশি করে ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা।
উল্লেখ্য, একটা সময় এই এলাকাটি ত্রিপুরা রাজ্যের বৈরীদের মূল আস্তানা হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে এলাকাটিতে শান্তি সম্প্রীতির বাতাবরণ রয়েছে। কারণ দিবারাত্রি নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছে ত্রিপুরা স্টেট রাইফেলসের ২নং ব্যাটেলিয়ানের জওয়ানরা।
২৬শে জানুয়ারিকে কেন্দ্র করে দু-এক দিন আগে থেকেই রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষার তাগিদে ত্রিপুরা স্টেট রাইফেলসের ২নং বাহিনীর জওয়ানরা বড়মুড়া পাহাড়ের পাদদেশে সালকাকামীস্থিত ৫নং রেল ট্যানেল সহ এর আশপাশ এলাকায় পণ্যবাহী রেল সহ যাত্রীবাহী রেল যাতে এই এলাকা দিয়ে অতি সহজেই যাতায়াত করতে পারে এর জন্য কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি জোরদার করে নিজেদের দায়িত্ব পালন করে আসছে জওয়ানরা।
অপরদিকে, বম স্কোয়ারডের কর্মীরা এদিন সকালে তেলিয়ামুড়া বাজার, তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়, তেলিয়ামুড়া আর.ডি ব্লক, তেলিয়ামুড়া থানা সহ বিভিন্ন জায়গায় কোন বিস্ফোটক সামগ্রী আছে কিনা তার জন্য জোরদার তল্লাশি চালায়।
