সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ এপ্রিল || গাঁজা বিরোধী অভিযানে নেমে ফের বড়সড়ো সাফল্য পেলো মুঙ্গিয়াকামি থানার পুলিশ। অন্যান্য দিনের ন্যায় মুঙ্গিয়াকামী থানার পুলিশ ভেহিকেল চেকিং-এ বসে দূরপাল্লার লরিতে তল্লাশি চালিয়ে ১২৬ প্যাকেটে ৪৫৬ কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে। জানা যায়, মুঙ্গিয়াকামি থানাধীন ৪১ মাইল এলাকার আসাম-আগরতলা জাতীয় সড়ক থেকে বুধবার সকাল নাগাদ এই গাঁজা গুলি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, এদিন সকালে জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় ভেহিকেল চেকিং-এ বসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। আগরতলা থেকে বহিঃরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দেওয়া HR 69 C 1323 নম্বরের ১২ চাকার লরিতে সন্দেহ মূলে তল্লাশি চালিয়ে অবৈধ শুকনো গাঁজার প্যাকেট দেখতে পায় পুলিশ। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়াকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। আটক করা হয় গাড়ির চালক এবং সহ চালককে। প্রাথমিক জিজ্ঞাবাদে জানা যায়, উদ্ধারকৃত অবৈধ শুকনো গাঁজার প্যাকেট গুলি জিরানিয়ার কোনো এক জায়গা থেকে লোড করা হয়েছিল লরিতে। বহিঃরাজ্য শিলিগুড়ির উদ্দেশ্যে পাচার হচ্ছিল গাঁজাগুলি বলে জানা যায়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকার বেশি হবে বলে জানায় মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। তিনি আরও জানান, এধরণের অভিযান আগামী দিনেও জারি থাকবে।
