বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ এপ্রিল || চাকুরির বিবাদে দীর্ঘ প্রায় ৪ বছর যাবৎ বন্ধ করে রাখা হয়েছে অঙ্গনওয়াড়ী কেন্দ্র। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত গার্দ্দাং গ্রাম পঞ্চায়েতের হরিমগ পাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্র দীর্ঘ প্রায় ৪ বছর পর্যন্ত বন্ধ হয়ে আছে। এতেকরে অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে এলাকাবাসীকে। এই এলাকার লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত বাম আমলে যে মালিকের জায়গায় অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি নির্মান করা হয়েছিল সেই জায়গার মালিক অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি বন্ধ করে রেখেছে। জায়গার মালিক রুফা মগ জানান, রাজ্যে পালাবদলের একমাস পর থেকে অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে। এর মূল কারন বিগত বাম আমলে উনার জায়গায় অঙ্গনওয়াড়ী কেন্দ্র নির্মানের জন্য উনাকে পতিশ্রুতি দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ী কেন্দ্র নির্মাণ করা হলে উনার পরিবারের একজন লোককে চাকুরি দেওয়া হবে। সেইকথা অনুযায়ী অঙ্গনওয়াড়ী কেন্দ্র নির্মানের পর রুফা মগের সহধর্মীনিকে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে চাকুরি প্রদান করা হয়। কয়েকবছর সবকিছু ঠিকঠাক চলার পর রাজ্যে পালাবদলের পর রুফা মগের সহধর্মীনিকে চাকুরি থেকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ। এতে করে জায়গার মালিক রুফা মগ অঙ্গনওয়াড়ী কেন্দ্রে তালা লাগিয়ে দেয়। সেই সময় থেকে দীর্ঘ প্রায় ৪ বছর অতিক্রান্ত হলেও অঙ্গনওয়াড়ী কেন্দ্র খোলার কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয় নি। এতে করে এলাকাবাসীদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে বলে অভিযোগ। এলাকাবাসীরা উনাদের ছেলেমেয়েকে পড়াতে গেলে অনেক দূরে নিয়ে যেতে হয় বলে জানান। রুফা মগ জানান, উনার সহধর্মীনিকে চাকুরি ফিরিয়ে দিলে অঙ্গনওয়াড়ী কেন্দ্র খোলা হবে। এখন দেখার বিষয় এলাকাবাসীর সুবিধার্থে দপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহণ করে।
