আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || ২৩শে জুন, ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস। আর এই দিনেই রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। এদিন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভোট দিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র দুই প্রার্থী ডাঃ মানিক সাহা এবং ডাঃ অশোক সিনহা।
বৃহস্পতিবার ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা ভোট দেওয়ার আগে সস্ত্রীক আগরতলা লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। এরপরই রাজধানীর মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে সস্ত্রীক ভোটের লাইনে দাঁড়িয়ে আমজনতার মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত তিনি। এখন শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি রাজ্যে শান্তিপূর্ণ ভাবে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
এদিন ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহাও সকলের সাথে আমজনতার মতো ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই প্রথা শুরু করেছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রীও তার ব্যতিক্রম করেনি।
মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন ভোট দিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সকল রাজনৈতিক দলের প্রার্থীরা।
