আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট || দেশের ছয়টি রাজ্যে গড়ে উঠছে লাইট হাউজ প্রকল্পের মাধ্যমে বিদেশী প্রযুক্তিতে অত্যাধুনিক ফ্ল্যাট। এই ছয় রাজ্যের মধ্যে ত্রিপুরাও রয়েছে। ২০২১ সালের ১লা জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের শিলান্যাস করেন।
সোমবার সকালে আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় ‘লাইট হাউজ’ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কথা বলেন লাইট হাউস প্রকল্পে ঠিকাদার ও শ্রমিকদের সাথে। এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, পূর্ত ও বি ডব্লিউ এস দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকেরা।
এদিন মুখ্যমন্ত্রী পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আর্থিক ভাবে পিছিয়ে পড়া লোকেদের স্বার্থে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রিপুরার জন্য উদার মানসিকতার উদাহরণ হিসেবে এখানে ১৬২.৫ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ভূকম্পন প্রতিরোধক ১০০০ আবাসন নির্মিত হচ্ছে। এখানে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত প্রকৌশলী ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতির বিষয়ে অবহিত হয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের প্রযুক্তিতে ত্রিপুরার লাইট হাউস প্রকল্পের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় নয় শতাধিকের অধিক গরিব এবং মধ্যবিত্ত গরিব পরিবারের মানুষ ৫০০০ টাকা দিয়ে অগ্রিম ফ্ল্যাট কিনে নেওয়ার প্রস্তুতি নেয়। যারা ৫ লক্ষাধিক টাকার কম অর্থ বছরে রোজগার করে তাদের জন্য এই ফ্ল্যাট গড়ে উঠছে। ত্রিপুরায় এই প্রকল্পের মাধ্যমে ১ হাজার ফ্ল্যাট এবং সাতটি টাওয়ার তৈরি করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ৬ই আগস্ট লাইট হাউসের কাজের অগ্রগতির সম্পর্কে মুখ্যমন্ত্রীদের কাছে থেকে রিপোর্ট চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে শুরু হয়েছে প্রশাসনিক দৌড়ঝাঁপ।
