আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট || পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য প্রশাসনের তত্ত্বাবধানে এবং পূর্ব যোগেন্দ্রনগর আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে যোগেন্দ্রননগরে সোমবার এক সাড়া জাগানো চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মোট ১১০ জন সুবিধা ভোগীদের চক্ষু সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর পরিষেবা প্রদান করা হয়। চোখের ছানি সহ বেশকিছু পরীক্ষা নিরিক্ষা করা হয়। এর পাশাপাশি এই শিবিরের মাধ্যমে মোট ৮১ জন সুবিধা ভোগীর হাতে বিনামূল্যে চশমা তুলে দেবার পাশাপাশি পরিষেবা গ্রহন করতে আসা প্রত্যেককে বেশ কিছু প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। সকাল থেকেই মিশন দৃষ্টি প্রকল্পের অন্তর্গত এই চিকিৎসা শিবির ঘিরে গোটা এলাকায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।
এই চক্ষু চিকিৎসা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপথালমিক অ্যাসিস্টেন্ট পিয়ালী রুদ্র পাল, যোগেন্দ্রনগর আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সুজিত ভৌমিক, যোগেন্দ্রনগর উপস্বাস্থ্য কেন্দ্রের এ এন এম মল্লিকা ভৌমিক, এম পি ডব্লিও সুমন ধর প্রমুখরা।
এই কার্যকরী চক্ষু চিকিৎসা শিবির সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এম ও আই সি সুজিত ভৌমিক স্পষ্টতই জানালেন, সাধারণ মানুষের কাছে যথোপযুক্ত স্বাস্থ্য পরিষেবা প্রদান করার লক্ষ্যেই এই উদ্যোগ। আগামী দিনেও যোগেন্দ্র নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় চক্ষু চিকিৎসা শিবির আয়োজন সহ নানা প্রকারের জনহিতকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে শ্রী ভৌমিক জানান। পাশাপাশি এই চক্ষু শিবির সংগঠিত করতে যারা যারা সহায়তা করেছে তাদের সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে এসে সাধারণ মানুষরা দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আগামী দিনেও বিভিন্ন বিষয়ে এই রকমের উদ্যোগ জারি থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
