আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || আগামী ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত গোটা দেশের সাথে রাজ্যেও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তারই অঙ্গ হিসেবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের কমিশনার দেবপ্রিয় বর্ধন, ডেপুটি মেয়র সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্টজনরা। আগরতলা পুর নিগম এলাকায় সকলের বাড়িতে এই কর্মসূচি পালন করতে জনগণকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বাড়ি ঘরে এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই কর্মসূচি করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা যায়, বাড়ি ঘরের ক্ষেত্রে ১৩ তারিখ সকালে পতাকা উত্তোলন করার পর ১৫ তারিখ সন্ধ্যায় পতাকা নামাতে পারবে। কিন্তু অফিসে ১৩ তারিখ সকাল বেলা পতাকা উত্তোলন করার পর এদিন সূর্য অস্তের আগে পতাকা নামিয়ে নেওয়া হবে। পুনরায় ১৪ই এবং ১৫ই আগস্ট পতাকা উত্তোলন এবং সন্ধ্যায় সূর্য অস্তের আগে পতাকা নামিয়ে নেওয়া হবে।
