জাতীয় ডেস্ক ।। খোদ প্রধানমন্ত্রী চিঠি লিখলেন মাত্র ৬ বছর বয়সী এক বালককে। মঙ্গলবারই সেই চিঠি হাতে পেয়েছে সে। প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে আবেগে আপ্লুত মধ্যপ্রদেশের বালক ভব্য আভটে। ভব্যকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রশ্ন এইখানে, কী করেছে ভব্য? যে তাকে খোদ প্রধানমন্ত্রী চিঠি লিখলেন।
ইন্দোর থেকে ৪০ কিমি দূরে দিওয়াসের বাসিন্দা ৬ বছরের এই বালকটির কীর্তিতে রীতিমতো তাজ্জব তার মা-বাবাও। মা-বাবার কাছ থেকে পাওয়া কিছু পয়সা একটি পিগি ব্যাঙ্কে জমিয়েছিল ভব্য। পিসি, মাসি বা অন্যান্য আত্মীয়রাও আদর করে তাঁকে যা টাকা দিত, পিগি ব্যাঙ্কেই জমাত সে। এই ভাবে তার ১০৭ টাকা জমে যায়। না, চকোলেট বা খেলনা কেনেনি। গোটা টাকাটাই সে দান করে দিয়েছে, গরিব শিশুদের উন্নতির জন্য।
গত ২৫ জানুয়ারি ভব্য প্রধানমন্ত্রীকে ‘দাদু’ সম্বোধন করে একটি চিঠি লিখে জানায়, ‘আমি রাস্তায় ও টিভিতে দেখেছি গরিব শিশুরা স্কুলে যেতে পারে না। দাদু, আমি এই ১০৭ টাকা পাঠাচ্ছি। আমি চাই ওই গরিব শিশুরাও যেন আমার মতো স্কুলে যায়।’
চিঠিটি পাওয়া মাত্র প্রধানমন্ত্রী চিঠির উত্তর দেন। অজস্র ধন্যবাদ জানিয়ে ভব্যকে ভবিষ্যতে আরও বড় হওয়ার আশীর্বাদ করেন।
