সাগর দেব, তেলিয়ামুড়া, ২৪ এপ্রিল || ২৪শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে কল্যাণপুর ব্লকের অধীন বিভিন্ন পঞ্চায়েত কার্যালয় এবং পঞ্চায়েত এলাকায় নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে এই পঞ্চায়েতি রাজ দিবসের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়াস হাতে নেওয়া হয়। প্রতিটি পঞ্চায়েত কার্যালয়কে অভিনব ভাবে আলোক মালায় সাজিয়ে তোলা হয়। এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে, এইদিনে সংশ্লিষ্ট ব্লক এলাকার উত্তর কমলনগর, কল্যাণপুর, দক্ষিণ ঘিলাতলি, দক্ষিণ দুর্গাপুর সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মধ্যে নানান প্রকারের সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি হিসেবে উত্তর কমলনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন দারুন প্রশংসার দাবি রাখে,ল। এছাড়া পশ্চিম ঘিলাতলি, দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার মতো নানান প্রকারের কর্মসূচিগুলো আজকের দিনে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকায় ব্যাপক সাড়া তৈরি করেছে।
এই পঞ্চায়েতিরাজ দিবস সম্পর্কে নিজের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিতে গিয়ে কল্যাণপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তরুণ কান্তি সরকার পঞ্চায়েতী ব্যবস্থার সাথে যুক্ত সকল স্তরের কর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন আগামী দিনে সবার সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে গোটা ব্লক এলাকা আরো উন্নতির দিকে ধাবিত হবে।
এদিকে পঞ্চায়েতি রাজ দিবস সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী আজকের এই গুরুত্বপূর্ণ দিনে গোটা দেশের সাথে সাথে এই কল্যাণপুরের পঞ্চায়েতী ব্যবস্থাকে সমৃদ্ধ করার প্রয়োজনে, সরকারের উন্নয়ন মুখী কর্মকান্ডগুলোকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত বিভিন্ন স্তরের কর্মীরা যেভাবে ভূমিকা পালন করছেন সেই ভূমিকাকে সাধুবাদ জানান। পাশাপাশি আগামী দিনে যাতে করে সবাই সম্মিলিতভাবে সরকারের উন্নয়নমূলক কাজকর্মগুলোকে পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে সঠিকভাবে বাস্তবায়িত করার ক্ষেত্রে উদ্যোগী হন সেই বিষয়েও আবেদন রাখেন।
জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এদিন পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিধায়ক পিনাকী দাস চৌধুরীকে সংবর্ধিত করা হয়। এ উপলক্ষে স্থানীয় ডায়েট কলেজে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ব্লক চেয়ারম্যান সোমেন গোপ, ব্লকের বিডিও তরুণ কান্তি সরকার, পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
