আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || কেন্দ্রে মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে এবং আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে ডোর-টু-ডোর জনসম্পর্ক অভিযানের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন রাজধানীর যোগেন্দ্রনগরের বিদ্যাসাগরস্থিত গ্রামীণ ব্যাঙ্কের সামনে থেকে মুখ্যমন্ত্রীর ডোর-টু-ডোর প্রচারে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ।
এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ৯ বছর সময়কালে ত্রিপুরা সহ দেশের প্রতিটি প্রান্ত পেয়েছে উন্নয়নের ছোঁয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই প্রগতির পথে অগ্রসর হয়েছে দেশ। তিনি বলেন, এই ধারাবাহিকতা বজায় রেখে নতুন ভারত নির্মাণের লক্ষ্যে পৌঁছাতে মোদীর হাতকে আগামীদিনে আরও বেশি সমর্থন দিয়ে শক্তিশালী করতে দৃঢ় সংকল্পবদ্ধ আমরা।
