আগরতলা পুর নিগম এলাকায় ২,৭৩৮ জন স্ট্রিট ভেন্ডার রয়েছেনঃ মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর || আগরতলা পুর নিগমের দুই বছর পূর্তি উপলক্ষে প্রতি ঘরে সুশাসন ২.০ এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা ও জাতীয় শহুরী আজীবিকা মিশনে লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার আগরতলা টাউনহলে আয়োজিত এই লাভার্থী সম্মেলনের মূল উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা প্রকল্পের লাভার্থীদের সংবর্ধনা প্রদান, তাদের মনে উৎসাহ যোগানো এবং উক্ত প্রকল্পের সুবিধা যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে সে সম্পর্কে অবগত করানো। পাশাপাশি এদিন প্রতি ঘর সুশাসনের সকল সুবিধাভোগীদের মধ্যে চেক তুলে দেয়া হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ।
এদিন মেয়র বলেন, আগরতলার স্ট্রিট ভেন্ডারদের কল্যাণে পুর নিগম বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। আগরতলা পুর নিগম এলাকায় এখন পর্যন্ত ২,৭৩৮ জন স্ট্রিট ভেন্ডার রয়েছেন। স্ট্রিট ভেন্ডারদের প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার মাধ্যমে ১০ থেকে ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আগরতলা পুর নিগমের বর্তমান গভর্নিং বডির ২ বছর পূর্তি হয়েছে। আগামী ৩ বছরে আগরতলা পুর নিগমকে নতুনভাবে গড়ে তোলার জন্য বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*