আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || আগামী ২১শে ফেব্রুয়ারি, ২০২৪ থেকে অনুষ্ঠিত হতে চলেছে ৪২’তম আগরতলা বইমেলা। চলবে ৫ই মার্চ, ২০২৪ পর্যন্ত। শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরহিত্যে অনুষ্ঠিত হয় আগরতলা বইমেলার প্রস্তুতি সভা। এদিন এই সভায় আগরতলা বইমেলার দিনক্ষণ চূড়ান্ত হয়।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মেলা মানেই একটা মিলন উৎসব। সবাই যেমন আসবেন আবার সকলের সমস্যাও থাকবে। সব ধরনের সমস্যার যে ১০০ শতাংশ সমাধান করা সম্ভব বিষয়টা এরকমও নয়। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে যে মঞ্চ তৈরি করা হবে সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য এবং সংগীত পরিবেশনও হবে। পাশাপাশি প্রতিদিনই মঞ্চে কোনো না কোনো অনুষ্ঠান উপস্থাপন করা হবে। কিন্তু সাউন্ড যাতে কম হয় এর উপর গুরুত্ব দেওয়ার জন্য বলেন মুখ্যমন্ত্রী।
এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডঃ প্রদীপ কুমার চক্রবর্তী, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ আহমেদ, স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা।
