আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী || জাতীয় সড়ক সুরক্ষা মাস- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সড়ক সুরক্ষা সুনিশ্চিত করতে বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই ক্ষেত্রে, জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস পথ দুর্ঘটনা হ্রাস করার অন্যতম উপায়। মুখ্যমন্ত্রী বলেন, বহু মানুষ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত বা প্রাণ হারান। কম বয়সী ছেলে-মেয়েরাই এর শিকার হন বেশি। অধিকাংশই ১৮ থেকে ৩৫ বছর বয়সী। ফলে আর্থসামাজিক ক্ষেত্রেও এর প্রভাব পড়ে বলে জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, পরিবহন দপ্তরের সচিব ইউ কে চাকমা, ট্রান্সপোর্ট কমিশনার উত্তম মন্ডল, পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী প্রমুখ।
এদিন এই কার্য্যক্রমে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কয়েকজন ছাত্র-ছাত্রীর হাতে হেলমেট তুলে দেন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ভ্যানের সূচনা করেন।
