আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || সমাজ ও পরিবারকে সুন্দর সুস্থ রাখতে পড়ুয়াদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মঙ্গলবার রাজধানীর শংকরাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে সাত দিনব্যাপী এন এস এস ক্যাম্পের উদ্বোধন করে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি বলেন, সমাজের নাগরিক হিসাবে প্রত্যেকেরই দায়িত্ব থাকা উচিত সমাজকে কিছু দেওয়ার। একজন স্টুডেন্টকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও জানতে হবে। তাই এই ধরনের ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এনএসএসের এই ক্যাম্পগুলো ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশের পাশাপাশি চারিত্রিক গঠনেও সমৃদ্ধ করে তুলতে সাহায্য করে । এই ধরনের ক্যাম্পে ছাত্র-ছাত্রীদের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা, আইনি সচেতনতা, পরিবেশকে রক্ষা করা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। যা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা , স্কুলের এনএসএস প্রোগ্রাম অফিসার মলয় লস্কর সহ অন্যান্যরা। এই ক্যাম্প উপলক্ষে বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া স্কুলের ছাত্রীরা পরিবেশন করে নাচ গান।
