সুব্রত দাস, গন্ডাছড়া, ১৯ জুন || বিলম্বিত কাজের জন্য শিক্ষা দপ্তরের প্রশিক্ষন বিল্ডিং-এ শুরু হবে একলব্য স্কুলের ষষ্ঠ শ্রেণীর পঠন পাঠন। বুধবার গণ্ডাছড়ায় বিল্ডিং হস্তান্তর হল উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে।
গন্ডাছড়া মহকুমায় একলব্য মডেল স্কুলের স্কুল বাড়ি তৈরির কাজ এখনো শেষ হয়নি। আরো কিছুটা সময় লাগবে সেই কাজ শেষ হতে। এদিকে জুলাই মাস থেকে একলব্য স্কুলে শুরু করতে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পঠন পাঠন। রয়েছে ৩০ জন ছাত্র এবং ৩০ জন ছাত্রী। কিন্তু সমস্যা হল স্কুল বাড়ি নিয়ে। শেষ পর্যন্ত সেই সমস্যা নিরসনে উদ্যোগী হলেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। কাছাকাছি রাজ্য শিক্ষা দপ্তরের একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেটি মাঝে মধ্যেই ব্যবহার হয়। সেই প্রেক্ষিতে মন্ত্রীর উদ্যোগে শিক্ষা দপ্তর থেকে সেই বাড়িটি সাময়িক সময়ের জন্য নিল উপজাতি কল্যাণ দপ্তর।
বুধবার মন্ত্রী বিকাশ দেববর্মা, দপ্তরের অধিকর্তা, মহকুমা শাসক অরিন্দম দাস সহ পদস্থ কর্তাদের উপস্থিতিতে হয় সেই বাড়ি হস্তান্তর হয়। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানের পর মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, জুলাই মাস থেকে ৬০ জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হবে ষষ্ঠ শ্রেণীর পাঠদান। স্কুলের নতুন বাড়ি সম্পন্ন হলে সেখানেই হবে পঠন পাঠন। মন্ত্রী ও দপ্তরের এই উদ্যোগে খুশি মহকুমার মানুষ।
