টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিন ভারত

খেলাধুলা ডেস্ক, বার্বাডোজ়, ২৯ জুন || দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বার্বাডোজ়ে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
ভারতের ১৭৬/৭ স্কোর তাড়া করতে নেমে একটা সময় ২৪ বলে ২৬ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। ক্রিজে বিধ্বংসী ফর্মে থাকা হেনরিখ ক্লাসেন। সঙ্গে ডেভিড মিলার। অতি বড় ভারত সমর্থকও ভাবতে পারেননি যে, সেখান থেকে ৭ রানে ম্যাচ জিতবে ভারত। শেষ পর্যন্ত সেটাই সম্ভব হল ভারতীয় বোলারদের জন্য। ১৭’তম ওভারে বল করতে এসে শুরুতেই ভয়ঙ্কর ক্লাসেনকে (২৭ বলে ৫২ রান) ফেরালেন হার্দিক। সেই ওভারে খরচ করলেন মাত্র ৪ রান।
তবু তখনও বিপদ কাটেনি। তিন ওভারে দক্ষিণ আফ্রিকার চাই ২২ রান। ক্রিজে তখনও বিপজ্জনক ডেভিড মিলার। রোহিত শর্মা বল তুলে দিলেন সেরা অস্ত্র যশপ্রীত বুমরার হাতে। এটা জেনেও যে, বুমরার ওই একটা ওভারই বাকি। আর সেই ওভারেই কামাল আমদাবাদের পেসারের। মাত্র ২ রান খরচ করলেন ওই ওভারে। তুলে নিলেন জানসেনকে। আচমকাই দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ২ ওভারে ২০। চাপ বাড়ছিল। সেই চাপেই শ্বাসরুদ্ধ করলেন অর্শদীপ সিংহ। ১৯’তম ওভারে মাত্র ৪ রান খরচ করলেন। শেষ ওভারে হার্দিকও স্নায়ুর চাপ সামলে কাজের কাজ করে গেলেন। দক্ষিণ আফ্রিকা আটকে গেল ১৬৯/৮ স্কোরে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*