কৈলাসহরে স্কুলে বিষাক্ত সাপের কামড়ে আহত ছাত্রী, অভিভাবকদের ক্ষোভ

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ১৯ জুন || কৈলাসহরের যুবরাজ নগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিষাক্ত সাপের কামড়ে আহত হলো এক স্কুল পড়ুয়া ছাত্রী। বৃহস্পতিবার দুপুরবেলা ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্যালয় ও স্থানীয় এলাকায়।
জানা গেছে, কৈলাসহর এলাকার মসব্বির আলীর মেয়ে নুরজাহান আক্তার, যিনি উক্ত বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী, দুপুরবেলা এক শ্রেণিকক্ষ থেকে অন্য শ্রেণিকক্ষে যাওয়ার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ এসে তার পায়ে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে ছাত্রীটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
ঘটনার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠায়। অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীটিকে উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, ঘটনাটি সামনে আসতেই ক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগ তোলেন—বিদ্যালয়ের চারপাশে ঘন জঙ্গল ও নোংরা আবর্জনার স্তুপ থাকা সত্ত্বেও সেগুলি পরিষ্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিভাবকদের দাবি, এই অব্যবস্থাপনার ফলেই বিষাক্ত সাপ বিদ্যালয় চত্বরে প্রবেশ করে এবং ছাত্রীর ওপর আক্রমণ চালায়।
অভিভাবকরা দ্রুত বিদ্যালয় চত্বরের জঙ্গল ও আবর্জনা পরিষ্কারের দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*