আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিল আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস শাখা। বৃহস্পতিবার রাজধানীর ব্যস্ততম এলাকা কামান চৌমুহনীতে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেন কলেজের ছাত্রী ও এনএসএস স্বেচ্ছাসেবীরা।
এই কর্মসূচিতে প্ল্যাকার্ড ও পোস্টারের মাধ্যমে সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যবহার কমানোর বার্তা দেন ছাত্রীরা। রাস্তার পথচলতি মানুষদের সঙ্গে কথাবার্তা বলে বোঝানোর চেষ্টা করা হয় প্লাস্টিক বর্জনের গুরুত্ব এবং পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহারের প্রয়োজনীয়তা।
এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়। ছাত্রীরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবেন।
এনএসএস শাখার এক স্বেচ্ছাসেবী ছাত্রী বলেন, “আমরা চাই মানুষ প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হোক। পরিবেশ রক্ষায় সকলের এগিয়ে আসা প্রয়োজন।”
উল্লেখ্য, বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা আজকের সময়ে অত্যন্ত জরুরি।
