আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন || বিশালগড় মহকুমার দুর্গানগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন রাজ্জাক মিয়া নামে এক ব্যক্তি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরো একজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে উভয় গোষ্ঠীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইট-পাটকেল ছোঁড়াছুঁড়ি থেকে শুরু করে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিশালগড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে টহলদারি জোরদার করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
