আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || আষাঢ়ের শুরুতেই শুরু হয়েছে অম্বুবাচী, যা বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত। রবিবার ২২ জুন (৭ আষাঢ়) দুপুর ২টা ৫৭ মিনিটে অম্বুবাচী তিথি শুরু হয়েছে এবং চলবে ২৫ জুন (১০ আষাঢ়) রাত ৩টা ২১ মিনিট পর্যন্ত।
অম্বুবাচীকে ঘিরে আগরতলার লক্ষীনারায়ণ বাড়িতে মহিলাদের মধ্যে দেখা গেল অন্য রকমের মিলনমেলা। স্বামীর মঙ্গল কামনায় মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, যাতে সেই সিঁদুর অক্ষয় থাকে – এমনই বিশ্বাস।
কেন পালন করা হয় অম্বুবাচী?
হিন্দু শাস্ত্র ও বেদ মতে, ধরিত্রী মাতা অর্থাৎ পৃথিবী মা আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন। এই ঋতুকাল শেষ হলে ধরিত্রী হয়ে ওঠেন শস্য শ্যামলা। তাই অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে নানা আচার অনুষ্ঠান।
এই সময়ে সন্ন্যাসী ও বিধবারা বিশেষভাবে উপবাস ও ব্রত পালন করেন। তিন দিন বন্ধ থাকে মাঙ্গলিক কাজ ও কৃষিকাজ। অম্বুবাচী শেষ হলে ফের শুরু হয় শুভ কাজ ও কৃষিকর্ম।
অম্বুবাচী উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের তীর্থক্ষেত্রগুলিতে ভক্তদের ভিড় জমতে শুরু করেছে। কামাখ্যা মন্দির সহ একাধিক তীর্থক্ষেত্রে চলছে বিশেষ পুজো অর্চনা।
