আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || ত্রিপুরা পূর্ণ সাক্ষরতার গর্বিত মুকুট অর্জন করল। দেশের তৃতীয় রাজ্য হিসেবে সোমবার ত্রিপুরাকে ‘পূর্ণ সাক্ষর রাজ্য’ ঘোষণা করা হলো। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, “সাক্ষরতা এখন আর কেবল নাম সইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। সাধারণ গণিত, ব্যাংকিং ও ডিজিটাল সাক্ষরতায় দক্ষতা অর্জন করে ত্রিপুরা কার্যকর সাক্ষরতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।” তিনি জানান, যেখানে ১৯৬১ সালে ত্রিপুরার সাক্ষরতার হার ছিল মাত্র ২০.২৪ শতাংশ, সেখানে আজ তা বৃদ্ধি পেয়ে ৯৫.৬ শতাংশে পৌঁছেছে (PLFS)।
এই ঐতিহাসিক সাফল্যের পেছনে রয়েছে নব ভারত সাক্ষরতা কার্যক্রম (NILP) এর ৯৪৩টি সামাজিক চেতনা কেন্দ্র এবং Youth Literacy Corps-এর ২,২২৮ স্বেচ্ছাসেবকের নিরলস পরিশ্রম ও অদম্য প্রচেষ্টা।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের পদস্থ কর্তারা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা।
ত্রিপুরার এই গৌরবময় অর্জন রাজ্যের শিক্ষা ব্যবস্থার অগ্রযাত্রায় এক নতুন অধ্যায় রচনা করল।
