আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের এক মন্তব্যকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার আমবাসা টাউন হলে কংগ্রেসের আয়োজিত আদিবাসী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বিজেপি নেতারা আদিবাসীদের গায়ের উপর প্রস্রাব করে।”
উক্ত মন্তব্যের জেরে বুধবার বিজেপি জনজাতি মোর্চার কর্মীরা বিধায়কের হোস্টেলের সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ দেখান। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা হোস্টেলের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে বিক্ষোভ চালিয়ে যান। হোস্টেলের চত্বরে চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনাও ঘটে।
ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে এই ঘটনার পর এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনা নিয়ে সুদীপ রায় বর্মণ বা বিজেপি শিবিরের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
