আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে এবার সরব হলো এক সম্পূর্ণ অরাজনৈতিক দল। সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত হয় এক জনসভা। এই সভা থেকে প্রতিবাদ জানানো হয় অব্যাহত অনুপ্রবেশের বিরুদ্ধে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে।
জনসভার পর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক মিছিল সংঘটিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের নজর কাড়ে। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক এবং সমাজকর্মী।
বক্তব্য রাখতে গিয়ে রঞ্জিত দেববর্মা জানান, “বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ত্রিপুরার জনসংখ্যা ভারসাম্য, সংস্কৃতি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলছে। এই অনুপ্রবেশ রুখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসাহ ও সচেতনতার আবহ তৈরি হয়। নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। তবে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশেই কর্মসূচি সম্পন্ন হয় বলে জানান পুলিশ প্রশাসন।
