গোপাল সিং, খোয়াই, ০৮ জুলাই || রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং ‘নেশামুক্ত ত্রিপুরা’ অভিযানকে আরও জোরদার করতে মঙ্গলবার খোয়াই জেলা সফর করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকর। এই উপলক্ষে খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১১টা নাগাদ ডিজিপি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান খোয়াই জেলার পুলিশ সুপার (এসপি) রাণাদিত্য দাস। এরপর এসপি অফিসের কনফারেন্স হলে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকবিরোধী অভিযানের কৌশল নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে ডিআইজি রতি রঞ্জন দেবনাথ, খোয়াই জেলার পুলিশ সুপার রাণাদিত্য দাস, জেলার সমস্ত মহকুমা পুলিশ আধিকারিক, বিভিন্ন থানার ওসি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি অনুরাগ ধ্যানকর জানান, ডিজিপি হিসেবে এটি তাঁর প্রথম খোয়াই জেলা সফর। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে মাঠপর্যায়ে কৌশল নির্ধারণ এবং তার সঠিক রূপায়ণই এই সফরের মূল লক্ষ্য।” তিনি রাজ্যের বিচারব্যবস্থার সাফল্যের কথা উল্লেখ করে বলেন, “আমাদের রাজ্যে বর্তমানে ৩০ শতাংশের বেশি অভিযুক্তের সাজা হচ্ছে, যা একটি অত্যন্ত ইতিবাচক দিক।”
ডিজিপি আরও জানান, খোয়াই সফরকালে তিনি টিএসআর-এর ষষ্ঠ ও দ্বাদশ ব্যাটালিয়ন পরিদর্শন করে জওয়ানদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
