আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা স্বর্গীয় শ্যামল চৌধুরীর স্মৃতিতে প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে নক আউট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট আগামী ১৫ই জুলাই থেকে শুরু হতে চলেছে। টুর্নামেন্ট ঘিরে বিস্তারিত জানাতে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ১০-নং মজলিশপুর যুব মোর্চা।
সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মোর্চার ১০ মজলিশপুর মণ্ডলের সভাপতি শিবায়ন দাস সহ যুব মোর্চার অন্যান্য সদস্যরা।
সংবাদিক সম্মেলনে শিবায়ন দাস জানান, এই ফুটবল টুর্নামেন্ট শুধুমাত্র একটি খেলার আয়োজন নয়, বরং এটি মজলিশপুর এলাকার ক্রীড়া ও যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রয়াস। প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। আয়োজকরা জানান, খেলার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও সৌভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য বলেও জানান উদ্যোক্তারা।
