আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই || শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী রাখাল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ সূচনা হয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি প্রথম ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের — বীরেন্দ্র ক্লাব ও লালবাহাদুর ব্যায়ামাগার — খেলোয়াড়, ম্যাচ রেফারি, লাইন্সম্যান, উভয় ক্লাব ও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন (TFA)-এর কর্মকর্তাদের সঙ্গে পরিচয়পর্বে অংশ নেন এবং তাদের শুভেচ্ছা জানান।
উদ্বোধনী ভাষণে মন্ত্রী টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন এবং বলেন, “ত্রিপুরার ফুটবলের উন্নয়নে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে সরকার সবসময় সহায়ক ভূমিকা পালন করে চলেছে।”
এদিনের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বীরেন্দ্র ক্লাব ও লালবাহাদুর ব্যায়ামাগার। দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, যিনি এধরনের ক্রীড়া আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত এই টুর্নামেন্ট রাজ্যের ক্রীড়া অঙ্গনের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হিসেবে পরিচিত।
