আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে কাঁসার পট্টি সিটি হাসপাতালের অগ্রগতি ও সমস্যাবলী নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই || আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় নির্মীয়মান কাঁসার পট্টি সিটি হাসপাতালের কাজের অগ্রগতি এবং চলমান সমস্যাবলী নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা পুর নিগমের মেয়র কার্যালয়ে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. কিরণ গিত্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা স্মার্ট সিটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এবং স্বাস্থ্য দপ্তরের একাধিক শীর্ষকর্তা।
বৈঠকে হাসপাতালের নির্মাণকাজের ধাপ, পরিকাঠামোগত অগ্রগতি, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও, নির্মাণ কাজ চলাকালীন সামনে আসা সমস্যা যেমন জমি সংক্রান্ত জটিলতা, বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার, বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ সংক্রান্ত অসুবিধা প্রভৃতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মেয়র দীপক মজুমদার বৈঠকে জানান, “আগরতলা শহরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই সিটি হাসপাতাল একটি বড় পদক্ষেপ। যত দ্রুত সম্ভব এই প্রকল্প সম্পন্ন করে সাধারণ মানুষের কাজে লাগানোই আমাদের লক্ষ্য।”
স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা কিরণ গিত্য জানান, হাসপাতালের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে একাধিক বিভাগ সমন্বয়ে কাজ করছে।
আগরতলা স্মার্ট সিটির অধীনে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের এই পদক্ষেপ রাজ্যের নাগরিকদের আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করবে বলে আশা প্রকাশ করেছেন আধিকারিকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*