হিসাব পেশের দাবিতে গণ্ডাছড়ায় জগন্নাথবাড়ি উন্নয়ন কমিটির সাংবাদিক সম্মেলন

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৯ আগস্ট || জগন্নাথবাড়ির পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা আনার পাশাপাশি বিগত সাত বছরের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব পেশের দাবিতে গণ্ডাছড়া মহকুমা জগন্নাথবাড়ি উন্নয়ন কমিটির পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে নবগঠিত কমিটির সদস্যরা পূর্বতন কমিটির কাছে যাবতীয় হিসাব-নিকাশ দ্রুত হস্তান্তরের দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিগত প্রায় সাত বছর ধরে জগন্নাথবাড়ির পরিচালনা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের দায়িত্বে ছিল পূর্বতন একটি কমিটি। পরবর্তীতে নতুন কমিটির হাতে দায়িত্ব অর্পণ করা হলেও পূর্বতন কমিটির পক্ষ থেকে বিগত সাত বছরের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এখনো হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ।
নবগঠিত কমিটির বক্তব্য অনুযায়ী, পূর্বতন কমিটিতে দেবেন্দ্র দাস, আদিত্য সরকার, গোপাল সরকার এবং লিটন দেবনাথ দায়িত্বে ছিলেন। তাঁদের কাছ থেকে যাবতীয় আর্থিক হিসাব-নিকাশ ও সংশ্লিষ্ট নথিপত্র বুঝে না পাওয়ায় বর্তমানে জগন্নাথবাড়ির পরিচালনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি করেন নতুন কমিটির প্রতিনিধিরা।
সাংবাদিক সম্মেলনে আরও বলা হয়, জগন্নাথবাড়ি এলাকার ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। ফলে বিগত সাত বছরে মন্দিরে কত টাকা আয় হয়েছে, কোন কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে এবং সেই অর্থে কী কী উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে—তা জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে। এই বিষয়গুলিকে সামনে রেখে মন্দির পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
নবগঠিত কমিটির প্রতিনিধিরা বলেন, বিষয়টি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা বিতর্ক সৃষ্টি করা তাঁদের উদ্দেশ্য নয়। সাধারণ মানুষের প্রশ্নের উত্তর এবং মন্দিরের ভবিষ্যৎ পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পূর্বতন কমিটির কাছে পুঙ্খানুপুঙ্খ হিসাব-নিকাশ দ্রুত পেশ করার আবেদন জানানো হয়েছে।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পূর্বতন কমিটির সদস্যদের কাছে বিগত সাত বছরের আয়-ব্যয়, বকেয়া পাওনা, খরচের খাত এবং উন্নয়নমূলক কাজের বিস্তারিত হিসাব দ্রুত নতুন কমিটির হাতে তুলে দেওয়ার জোর দাবি জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*