সিমেন্ট চুরি নিয়ে নির্মল বিশ্বাসের অভিযোগের প্রতিবাদ বিজেপির, “সিমেন্ট চুরি হয়নি, চেয়ারম্যানের নামও তদন্ত রিপোর্টে নেই”—দাবি জেলা সভাপতির

গোপাল সিং, খোয়াই, ২৯ আগস্ট || খোয়াই আরডি ব্লক থেকে সরকারি সিমেন্ট চুরি এবং খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য্যের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তীব্র আকার নিয়েছে। সিপিআই(এম) বিধায়ক নির্মল বিশ্বাসের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপির খোয়াই জেলা সভাপতি সমীর দাস দাবি করেছেন, খোয়াই আরডি ব্লক থেকে কোনো সিমেন্ট চুরি হয়নি এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য্য সম্পূর্ণ নির্দোষ।
শনিবার খোয়াইয়ের বিজেপি জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সমীর দাস বলেন, খোয়াই আরডি ব্লক থেকে সিমেন্ট চুরির যে অভিযোগ সামনে আনা হয়েছে, তা সত্য নয়। তাঁর দাবি, বিডিওর তদন্ত রিপোর্টেও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য্যের নাম উল্লেখ নেই।
সমীর দাসের অভিযোগ, সত্যতা যাচাই না করেই সিপিআই(এম) বিধায়ক নির্মল বিশ্বাস সাংবাদিক সম্মেলন করে সিমেন্ট চুরি এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের অট্টালিকা নির্মাণ সংক্রান্ত নানা অভিযোগ তুলেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করে চেয়ারম্যানকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিজেপি জেলা সভাপতি বলেন, কোনো অভিযোগ থাকলে তার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু তদন্তের তথ্য সামনে আসার আগেই কাউকে অভিযুক্ত করা বা ব্যক্তিগতভাবে হেয় করা উচিত নয়। তিনি বিধায়ক নির্মল বিশ্বাসের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, তথ্য যাচাই না করে এ ধরনের অভিযোগ তোলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এতে একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে সমীর দাস আরও দাবি করেন, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য্যের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে, তার সঙ্গে তদন্ত রিপোর্টের কোনো মিল নেই। তাই বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
এদিনের সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য্য এবং আশারামবাড়ী মণ্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*