আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই || মঙ্গলবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা পর্যটন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী একগুচ্ছ গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
মন্ত্রী জানান, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ৬ জন মেডিকেল অফিসার (ডেন্টাল) নিয়োগ করা হবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের (TPSC) মাধ্যমে। পাশাপাশি, ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়াও খুব শীঘ্রই শুরু হতে চলেছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে স্ক্রুটিনির কাজ চলছে।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা ছিল, রাজ্য মন্ত্রিসভা ৯১৫ জন পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT) নিয়োগে অনুমোদন দিয়েছে। এই শিক্ষকরা রাজ্যের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠদানে নিযুক্ত হবেন। এই সিদ্ধান্ত শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান, রাজ্যের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও উচ্চ মাধ্যমিক স্তরে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতেই ৯১৫ জন PGT শিক্ষকের নিয়োগ চূড়ান্ত করেছে মন্ত্রিসভা। তিনি আরও লেখেন, “এই সিদ্ধান্ত রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের পথ আরও মসৃণ করে তুলবে।”
কোন বিষয়ে কতজন শিক্ষক নিয়োগ হবে তা নিচে তুলে ধরা হলোঃ
PGT (English) – ৭০ জন,
PGT (Bengali) – ৫০ জন,
PGT (History) – ৭১ জন,
PGT (Political Science) – ৬৫ জন,
PGT (Philosophy) – ০৬ জন,
PGT (Geography) – ৮০ জন,
PGT (Kokborok) – ৭৫ জন,
PGT (Sanskrit) – ২০ জন,
PGT (Economics) – ৮০ জন,
PGT (Physics) – ৫৫ জন,
PGT (Chemistry) – ৫৯ জন,
PGT (Biology) – ৪৫ জন,
PGT (Mathematics) – ৫০ জন,
PGT (Commerce) – ৩৩ জন,
PGT (Sociology) – ৭০ জন,
PGT (Psychology) – ৮৬ জন,
মোট পদ সংখ্যা: ৯১৫ জন।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষামহল আশা করছে, এতে করে বিদ্যালয়স্তরে দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট অনেকটাই দূর হবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে।
রাজ্যের তরুণ-তরুণীদের জন্য এটি একটি বড় সুযোগ বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
