গোপাল সিং, খোয়াই, ১৬ জুলাই || বিদ্যুত মন্ত্রী আশ্বস্ত করলেও খোয়াইয়ে স্মার্ট মিটারের আতঙ্ক যেন কাটছেই না। একের পর এক গ্রাহকের বাড়িতে আসছে আকাশছোঁয়া ‘ভুতুড়ে’ বিল। বুধবার এই তালিকার নতুন সংযোজন হলেন লালছড়া এলাকার বাসিন্দা স্বদেশ রঞ্জন গোপ। সকালে হাতে বিল পেয়েই তাঁর মাথায় হাত। স্বদেশ বাবু জানান, বাড়িতে বিদ্যুতের ব্যবহার আগের মতোই আছে, কিন্তু বিল এসেছে কয়েকগুণ বেশি। বিল এসেছে ২৬,০০০ টাকার উপর। তিনি বলেন, “এই বিল দেখে আমি হতবাক। এত টাকা কীভাবে দেব? এটা সম্পূর্ণ অযৌক্তিক।”
এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তর সাধারণ মানুষের পকেট কাটার জন্য ইচ্ছে করেই এই ধরনের বিল পাঠাচ্ছে। যা কার্যত মঙ্গলবার রাতেই স্পষ্ট হয়ে গেছে। ঘোটালার ইঙ্গিত শুধু নয়, গোটা তদন্ত প্রক্রিয়ার নির্দেশ জারি করেছেন বিদ্যুত মন্ত্রী।
