সুব্রত দাস, গন্ডাছড়া, ১৮ জুলাই || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় পূর্ত দপ্তরের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি ও বেহাল রাস্তাঘাট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল রাইমাভ্যালি কংগ্রেস দল। বৃহস্পতিবার মহকুমার পূর্ত দপ্তরের এসডিও-র কাছে সাত দফা দাবিসমেত এক স্মারকলিপি পেশ করে কংগ্রেস নেতৃত্ব।
মহকুমার অন্তর্গত ডুম্বুরনগর ও রইস্যাবাড়ি আরডি ব্লকের অধিকাংশ এডিসি ভিলেজের রাস্তাঘাট একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ। বিশেষ করে হাতিরমাথা, ওয়ানসাপাড়া, গিরাচন্দ্রপাড়া, ভগীরথপাড়া, লক্ষীপুর এডিসি ভিলেজ ও কলেজ রোডের বেহাল অবস্থার প্রসঙ্গ তুলে ধরেন প্রতিনিধিরা।
এদিন রাইমাভ্যালি কংগ্রেস দলের উদ্যোগে গন্ডাছড়া মহকুমা সদর থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে পূর্ত দপ্তরে পৌঁছায়। মিছিল শেষে ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল পূর্ত দপ্তরের এসডিও রথীন্দ্র দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে সাত দফা দাবিসমেত স্মারকলিপি তুলে দেন এবং বিস্তারিত আলোচনা করেন।
বাদল সরকার অভিযোগ করেন, “সরকারি অর্থে গড়ে ওঠা রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে। কোটি কোটি টাকা খরচ হলেও বাস্তবে রাস্তাগুলির অবস্থা শোচনীয়। গন্ডাছড়ায় পূর্ত দপ্তরে যেন ‘হরির লুট’ চলছে। কংগ্রেস দল এর সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা দাবি করছে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।”
সার্কেল রোড নির্মাণেও ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতারা। বিষয়টি নিয়ে পূর্ত দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
