আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || ত্রিপুরা হকার্স ইউনিয়নের উদ্যোগে আগরতলার হকার্স কর্নারে বুধবার নবনির্বাচিত পরিচালনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মানবিকতা, সহমর্মিতা ও সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত এই মহৎ উদ্যোগ। রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর মহৎ প্রয়াস।
এদিন নবনির্বাচিত পরিচালনা কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়ন এবং হকারদের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার নিয়ে শপথ গ্রহণ করেন। একইসঙ্গে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে সংগঠনের সদস্য ও সদস্যারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, ৮ টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয় এবং রক্তদানের মতো মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়। হকারদের স্বার্থ রক্ষা ও সংগঠনের উন্নয়নে নবনির্বাচিত কমিটি আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
