গোপাল সিং, খোয়াই, ১৮ জুলাই || ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “এক পেড় মা কে নাম” আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার খোয়াইয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে আয়োজিত এই মহতী উদ্যোগে নেতৃত্ব দেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী রায় এবং কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, মন্ডল সভাপতি অনুকুল দাস, জেলা সাধারন সম্পাদক সমীর দাস, মন্ডল সম্পাদক অনিমেষ নাগ এবং খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায় সহ অন্যান্যরা।
খোয়াই মন্ডলের অন্তর্গত ধলাবিল এবং দলাদলি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় সড়কের দুই ধারে এবং মন্দির প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য নিজে একটি আম্রপালি চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা বলেন, “পরিবেশ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রীর এই আহ্বান আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।” কর্মসূচিতে অন্যান্য দলীয় কার্যকর্তা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
