আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগস্ট || শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনের ‘সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহে’ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ঘোষণা করেন যে, নীতি আয়োগ পরিচালিত সম্পূর্ণতা অভিযান ২০২৪-এর আওতায় ছয়টি কী পারফরম্যান্স ইন্ডিকেটরে (KPI) ১০০% সাফল্য অর্জন করেছে ত্রিপুরা। এই অসাধারণ কৃতিত্বে মুখ্যমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন জনজাতি অধ্যুষিত ধলাই জেলা এবং অ্যাসপিরেশনাল ব্লক গঙ্গানগর, দশদা ও দামছড়ার উল্লেখযোগ্য ভূমিকা। তিনি বলেন, এই অর্জন তৃণমূল স্তরের প্রশাসনের নিবেদিত প্রচেষ্টার ফসল।
অনুষ্ঠানে তৎকালীন জেলা শাসক, বিডিও ও কৃষি সহায়ক মিত্রদের উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মানিত করা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী ১৬টি পিছিয়ে পড়া ব্লকে ৮০টি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের জন্য ৮২ কোটি টাকার ‘মুখ্যমন্ত্রী নবদিশা অভিযান’-এর সূচনা করেন। এই কর্মসূচি কৃষিনির্ভর পরিবার ও স্ব সহায়ক গোষ্ঠীর অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করবে। একইসঙ্গে, মহিলাদের দ্বারা পরিচালিত স্ব-সহায়ক গোষ্ঠীর উৎপাদিত সামগ্রীর বাজার সম্প্রসারণে ‘আকাঙ্খা হাট’-এরও শুভ সূচনা করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “উন্নয়নের এই ধারাবাহিকতা আগামী দিনে ত্রিপুরাকে আত্মনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক রাজ্যে রূপান্তর করবে।”
